ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদরসহ দেশের পাঁচটি পৌরসভার ১৯টি কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে শনিবার।
এর মধ্যে নোয়াখালী সদরের ১৪টি, ঘাটাইলের একটি, কুমিল্লার লাঙ্গলকোটের একটি, হবিগঞ্জের একটি ও ফেনী সদরের দুটি কেন্দ্র রয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
গত ১৮ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় এসব কেন্দ্রের ভোট স্থগিত হয়। গত ৬ এপ্রিল কেন্দ্রগুলোর ভোটের নতুন তারিখ ঘোষণা করে ইসি।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি জানান, এ পৌরসভার ১৪টি কেন্দ্রে মোট ভোটার ৩২ হাজার ৮১৯ জন। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে কুমিল্লা অঞ্চলের উপ নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা সদরের বাইরের বিভিন্ন উপজেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনীসহ বিভিন্ন জেলা থেকে নির্বাচন কমিশনের নিজস্ব ১৪ জন কর্মকর্তাকে ১৪টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভোট গ্রহণের প্রস্তুতির বিষয়ে শুক্রবার রিটার্নিং অফিসার মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটকেন্দ্র সহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে র্যাব, বিজিবি ও পুলিশের টহল নিশ্চিত করা হয়েছে।"
এছাড়া ভোটের দিন কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের ৬০ জন এবং বিজিবি'র ৪০ জনের স্ট্রাইকিং ফোর্স ভোটগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বলে জানান তিনি।
নোয়াখালী সদরের পুলিশ সুপার হারুনুর রশীদ হাযারী জানান, প্রতিকেন্দ্রে একজন কর্মকর্তার নেতৃত্বে ৩১জন পুলিশ ও ১০ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই নোয়াখালী পৌরসভার সবগুলো ভোটকেন্দ্র ঝঁকিপূর্ণ বলে মনে করছে। দুই দলের সমর্থিত মেয়র প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন।
এ ব্যাপারে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতবারের মতো এবারও ক্ষমতাসীন দলের লোকজন আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। আমি সবগুলো ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে করছি এবং সব কেন্দ্রে সেনা ও র্যাব সদস্যদের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছি।"
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু গত রোববার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, "প্রতিপক্ষের লোকজন গোলোযোগ সৃষ্টির মধ্য দিয়ে ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে।"
সবগুলো কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি ।
গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধর, বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এর পর নির্বাচন কমিশনের নিজস্ব তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত শেষে ১৪টি স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।
বাকী তিন কেন্দ্রের ফলাফলকে বৈধতা দিয়ে তা গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই তিন কেন্দ্রের ফলাফল ঘোষণাসহ সকল কার্যক্রম স্থগিতের আদেশ দেয়।"
ইসি কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ভোটের দায়িত্ব থেকে নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা থেকে সরে আসে নির্বাচন কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/কেএমএস/১৯৫৬ ঘ.
bdnews24