ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচার কেবল সেনা শাসনেই সম্ভব- খোন্দকার ইব্রাহিম খালেদের এই বক্তব্যকে 'উস্কানিমূলক' উল্লেখ করে ব্যারিস্টার রফিক-উল হক ও আনিসুল হকের মতো শীর্ষ আইনজীবীরা বলেছেন, ওই বক্তব্যে আদালতের ওপর অনাস্থা প্রকাশ পেয়েছে।
বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া ইব্রাহিম খালেদের ওই বক্তব্যের সমালোচনায় সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক বলেন, "তার এ বক্তব্য উস্কানিমূলক, কেননা সামরিক শাসন অবৈধ, অসাংবিধানিক।"
যারা সেনা শাসনের পক্ষে উস্কানিমূলক কথা বলে, তাদেরও শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন এই আইনজীবী।
বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেন, "যদি মনে করেন যে, ধরে ধরে শাস্তি দিলে হবে। ধরে শাস্তি দেওয়া তো এতো সোজা না। আদালত আছে। আদালত তো সব সময় আসামির পক্ষে। কোর্ট কখনো নালিশকারীর পক্ষে থাকে না। '৯৬ সালে তো মামলা হয়েছিলো। একটারও তো জাজমেন্ট হয়নি।"
তার এ বক্তব্যকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আরেক আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। অ্যান্ড ইট ইজ নট ট্রু। কোর্ট সব সময় আসামির পক্ষে থাকে- এ কথা মোটেই ঠিক নয়।"
কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ ওই টেলিভিশন চ্যানেলকে আরো বলেন, এ ধরনের অপরাধের বিচার সেনা শাসনের সময়ই দ্রুত সম্ভব হয়।
"এটা মার্শাল ল' তে হয়। ধরে এনে, বিচার করে শাস্তি দেওয়া যায়। এটা তো ডেমোক্রেসিতে হয় না।"
তার এ বক্তেব্যের সমালোচনায় বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক বলেন, "তার জানা উচিৎ, একটি সভ্য সমাজে মার্শাল ল' বলে কিছু থাকতে পারে না।
"উনি (ইব্রাহিম খালেদ) সামরিক শাসন নিয়ে যেটা বলেছেন, সেটা তো পুরো জুডিশিয়াল সিস্টেমের ওপর উনার লো কনফিডেন্স শো করছে। একজন রেসপনসিবল সিটিজেনের কাছ থেকে কখোনোই এ রকম বক্তব্য আশা করা যায় না।"
এ প্রসঙ্গে পঞ্চম সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় ও আদালতের পর্যবেক্ষণের উল্লেখ করে রফিক-উল হক বলেন, "আদালত পরিষ্কার রায় দিয়েছে, সামরিক শাসন পুরোপুরি অবৈধ। ভবিষ্যতে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করলে সংবিধান বা দণ্ডবিধি অনুযায়ী সংসদ অবৈধ ক্ষমতা দখলকারীর শাস্তি নির্ধারণ করতে পারবে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীর আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী প্রবীণ এই আইনবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (ইব্রাহিম) যা বলেছেন, তার অর্থ দাঁড়ায় তিনি সামারিক ট্রায়াল চেয়েছেন, আইনের শাসন নয়।"
দুই আইনজীবীই মনে করেন, ইব্রাহিম খালেদের বক্তব্যে বিচার ব্যবস্থার ওপর তার অনাস্থারই প্রকাশ ঘটেছে।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন চার সদ্যসের ওই তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তিন শতাধিক পৃষ্ঠার যে প্রতিবেদনটি জমা দেয় তা তৈরি হয়েছে মূলত শেয়ার বাজার সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে।
সরকারের ভেতর ও বাইরে থেকে তদন্ত প্রতিবেদনটি অনুষ্ঠানিকভাবে প্রকাশ করার দাবি উঠলেও সরকার এখনো তা করেনি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওই প্রতিবেদনের একটি অনুলিপি হাতে পেয়েছে এবং তা ওয়েবসাইটে 'প্রকাশ' করা হয়েছে।
টেলিভিশনে ইব্রাহিম খালেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, "আমার মনে হয়, উনি (খালেদ) যে রিপোর্টটি করেছেন, সেটা যে সঠিক নয়, এ ধরনের মন্তব্য করে তিনি সেটাই বলে দিচ্ছেন।"
এ বিষয়ে কথা বলার জন্য টেলিফোনে ইব্রাহিম খালেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আপনাদের সঙ্গে কোনো কথা বলবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/জেকে/২৩১৭ ঘ.
bdnews24