ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদীয় বিশেষ কমিটির টানা তিন দিনের বৈঠক বুধবার শেষ হয়েছে। পরবর্তীতে বিরোধীদলসহ অন্যদের কাছ থেকেও এ বিষয়ে মতামত নেওয়া হবে বলে কমিটি জানিয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বুধবার রাত ৮টার দিকে শুরু হয়ে সাড়ে ১০টার দিকে শেষ হয় এই বৈঠক।
বিশেষ কমিটির সদস্য রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধান সংশোধন নিয়ে কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তাকে অবহিত করেছি। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে তার পরামর্শ, অভিজ্ঞতা, নির্দেশনা ও মতামত তুলে ধরেছেন।"
মেনন জানান, বিশেষ কমিটি তাদের পর্যালোচনা অব্যাহত রাখবে এবং বিরোধীদল, আইনবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে সংবিধান সংশোধনের বিষয়ে মতামত নেবে।
বিরোধী দলের সঙ্গে কবে বৈঠক হবে জানতে চাইলে তিনি বলেন, "আমরা তো এ মাসের মধ্যেই এ চ্যাপ্টার শেষ করে ফেলতে চাই।"
এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। সেটি আগামী মে মাসেও হতে পারে বলে বিশেষ কমিটি জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে টানা তিন দিনের বৈঠকে কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ সদস্যের প্রায় সবাই উপস্থিত ছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত দুই দফায় এবং মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আরেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সংবিধানের সপ্তম অধ্যায় পর্যন্ত পর্যালোচনা করে সদস্যদের মতামত গণমাধ্যমকেও জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/২৩৩৪ ঘ.
bdnews24