২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ শুভেচ্ছা দোদুলদের জন্যও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্ডটির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, তাতে ব্যবহৃত ছবিটির শিল্পী দোদুল নামের এক অটিস্টিক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কার্ডটির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, তাতে ব্যবহৃত ছবিটির শিল্পী দোদুল নামের এক অটিস্টিক শিশু। জলরঙের আঁকা এই ছবিতে নদীমাতৃক বাংলার এক চিরায়ত দৃশ্যপট ফুটিয়ে তুলেছে দোদুল। কোনো এক নদীর নীল জলে বয়ে চলেছে নৌকা। তীর ধরে এগিয়ে যাচ্ছে গরুর গাড়ি। আরো আছে ছয় বেহারার পালকি চড়ে নববধূর যাত্রা, ধানের আঁটি মাথায় কৃষক, কলসী কাঁখে গায়ের বধূ, গ্রামের ঘর-বাড়ি, সবুজ প্রকৃতি। দোদুল এই ছবিটি এঁকেছিলেন ১৫ বছর আগে। সেই কামরুল হুদা দোদুল এখন ৩২ বছরের যুবক। সুইট বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানে বাচ্চাদের ছবি আঁকা শেখান তিনি। তার আঁকা ছবি জাপানের আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে। দোদুলের বাবা নেই। মা আছেন। বড় এক ভাই ও বোন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অটিস্টিক শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ব এই কার্ডেই ফুটে উঠেছে। এর আগে দেশের আর কোনো সরকার প্রধানের শুভেচ্ছা কার্ডে কোনো অটিস্টিক শিশুর আঁকা ছবি স্থান পায়নি।" অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে, তা বিকশিত করার কথা সব সময়ই বলে আসছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গত ২ এপ্রিল এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান শেখ হাসিনা। প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠারও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধীদের উপযোগী করে বই প্রকাশেরও উদ্যোগ নেবে তার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৫৬ ঘ.