ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা বা ববস'র 'বেস্ট ব্লগ' ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সাবরিনা সুলতানা। ইন্টারনেট ব্যবহারকারী ও বিচারক- দুই পক্ষই সাবরিনাকে এ স্থানের জন্য বেছে নিয়েছে।
সাবরিনাকে পেছনে ফেলে 'বেস্ট ব্লগ' পুরস্কার জিতে নিয়েছে লিনার 'এ তিউনিশিয়ান গার্ল'। আর রিপোর্টার্স উইদআউট বডার্স বিভাগে 'ফ্রিডম অফ এক্সপ্রেশন' পুরস্কার পেয়েছে মেক্সিকোর মাদকবিরোধী ব্লগ 'সিউদাদ হুয়ারেস'।
মঙ্গলবার ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরা ব্লগ নির্বাচনের তথ্য জানানো হয়। জয়ী ব্লগের প্রতিনিধিদের হাতে আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার তুলে দেওয়া হবে।
এবারের প্রতিযোগিতায় ছয়টি মিশ্র ভাষার ক্যাটাগরিতে 'জুরি অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে। বাংলা ভাষার কোনো ব্লগই 'জুরি অ্যাওয়ার্ড' পায়নি।
তবে ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে 'বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন' বিভাগে বাংলাদেশের অমি রহমান পিয়ালের ব্লগ নির্বাচিত হয়েছে। সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার ভোটে শীর্ষ অবস্থান অধিকার করেছে আরিফ জেবতিকের ব্লগ।
ডয়চে ভেলে জানায়, এবারের ববস প্রতিযোগিতায় মোট ভোট সংখ্যা ছিলো ৯০ হাজার ৮০৮।
এবারের 'জুরি অ্যাওয়ার্ড' জয়ী অন্য ব্লগগুলো হচ্ছে মানবাধিকার বিভাগে ইংরেজি ভাষার ব্লগ 'মাইগ্রেন্ট-রাইটস ডট অর্গ', বেস্ট ভিডিও চ্যানেল নির্বাচিত হয়েছে ফার্সি ভাষার ইউটিউব চ্যানেল 'স্ট্যান্ডস উইথ ফিস্ট', টেকনোলজি ফর সোশ্যাল গুড বিভাগে রুশ ভাষার 'রসপিল ডট ইনফো', বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন বিভাগে আরবি ভাষার 'উই আর খালিদ সাইদ' নামের ফেসবুক গ্র"প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.
bdnews24