প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার ১০ বছর পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। কিন্তু এখনো শেষ হয়নি এর বিচার।
মামলার শুনানির জন্য প্রায় ছয় মাস পর পর তারিখ দেওয়া, আদালতে সাক্ষীদের উপস্থিত না হওয়াসহ আরো অনেক কারণে দীর্ঘসূত্রতার জালে আটকা পড়েছে এ ঘটনায় হওয়া মামলা দুটি।
২০০১ সালের ১৪ এপ্রিল এ ঘটনায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। ওই দিনই রমনা থানায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।
ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে পাঁচ জন কারাগারে ও একজন জামিনে রয়েছেন। বাকি আট আসামি পলাতক।
কারাগারে রয়েছেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন।
পলাতক আট আসামি হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, মাওলানা সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আবদুল হাই।
মামলার নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, বোমা হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনের দুটি মামলার দ্রুত নিষ্পত্তির জন্য দুটি পৃথক দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হলেও নানা কারণে তার বিচার থেমে আছে।
আইনজীবী ও নথিপত্র সূত্রে জানা যায়, বোমা হামলার ঘটনায় হত্যা মামলার বিচার স্বয়ং তদন্ত কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের আদালতে এসে সাক্ষ্য দিতে হাজির না হওয়ার কারণে থমকে রয়েছে।
অন্য মামলাটির (বিস্ফোরক মামলা) বিচার হাইকোর্টের একটি নির্দেশনার অভাবে বন্ধই হয়ে আছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিও বলতে পারেননি এ মামলার বর্তমান অবস্থা সম্পর্কে।
হত্যা মামলাটি প্রথমে চলছিলো ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে। এ আদালতের বিচারক ছিলেন কানিজ আকতার নাসরিনা খানম।
এ মামলাটিতে রাষ্ট্রপক্ষের ৮৪ সাক্ষীর মধ্যে ৫১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিলো। কিন্তু তদন্ত কর্মকর্তাসহ মামলার গুরুত্বপূর্ণ অবশিষ্ট সাক্ষীরা আদালতে হাজির না হওয়ার কারণে নির্দিষ্ট সময় (১৩৫ কার্যদিবসের মধ্যে) বিচার শেষ না হওয়ায় গত বছরের ২৪ মে তারিখে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে ফেরত যায়।
বিস্ফোরক মামলার বিচার চলছিলো ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ আদালতের বিচারক ছিলেন মাসদার হোসেন।
যেহেতু দুই মামলাতেই একই ঘটনা, একই আসমি, একই সাক্ষী থাকায় মামলা দুটি একই আদালতে বিচারের জন্য হাইকোর্টের অনুমতি চান বিচারক মাসদার হোসেন। কিন্তু এরপর হাইকোর্টে এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা এ মামলাগুলো পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা কেউই বলতে পারেননি।
এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছিলো।
হত্যা মামলাটি চলছে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে। মামলাটিতে গত বছরের ২৫ নভেম্বরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো। কিন্তু সাক্ষী না আসায় দীর্ঘ ছয় মাস সময় দিয়ে ৩১ মে আবারো সাক্ষ্য গ্রহণের জন্য দিন রাখা হয়।
মামলাটির এরকম দীর্ঘসূত্রিতায় রাষ্ট্র ও আসামি দুই পক্ষই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করে আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী আমিনুল গনি টিটো।
তিনি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যা মামলার বিচারিক আদালতের দায়িত্ব ছিলো এ মামলার বিচারে গুরুত্ব দেওয়া, কিন্তু তিনি তা দেননি।"
"এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ মামলার গুরুত্ব হয় নিজেরা বুঝতে পারেননি, না হয় বুঝতে পেরেও গুরুত্ব সম্পর্কে আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছেন", বলেন তিনি।
ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনে সুযোগ রয়েছে আবারো এ গুরুত্বপূর্ণ মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে ফেরত আনার। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখাকে এগিয়ে আসতে হবে প্রজ্ঞাপনের মাধ্যমে মামলাটিকে আবারো দ্রুত বিচারে পাঠানোর জন্য।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহিদ হোসেনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে তাকে এ আদালতে বেশ কয়েকবার গিয়েও পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবদুল্লাহ আবু বলেন, এ মামলায় দীর্ঘ ছয় মাস পর পর তারিখ পড়ার বিষয়টি তিনি জানেন না।
এত দিন অন্তর অন্তর তারিখ পড়ছে জেনে বিস্ময় প্রকাশ করে তিনি সাংবাদিকদের জানান, যে তিনি এ মামলায় সামনের তারিখে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24