টাঙ্গাইল, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালাতো ভাইয়ের বদলে এইচএসসি পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়ারফ হোসেন।
মঙ্গলবার টাঙ্গাইরের নাগরপুর মহিলা কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়ার সময় ইয়ারফ ধরা পড়েন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ইয়ারফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। নাগরপুর উপজেলার ডহর পাচুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, নাগরপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী আব্দুর রহমানের বদলে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দিচ্ছিলেন তার খালাতো ভাই ইয়ারফ হোসেন।
পরীক্ষা কেন্দ্রে দয়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে তিনি খালাত ভাইয়ের বদলে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তন্ময় দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৩ ঘ.
bdnews24