ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত আলী।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয় একইদিন উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ কিছু চুক্তিভিত্তিক নিয়োগ, রদবদল ও প্রেষণের আদেশ জারি করেছে।
ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) অতিরিক্ত নির্বাহী পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা বিআরটিসি'র পরিচালক (কারিগরি) ড. এসএম সালাউদ্দিন। পিআরএল-এ যাওয়ার আগে তিনি ডিটিসিবি'র অতিরিক্ত নির্বাহী পরিচালক পদেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তার পিআরএল বাতিল করা হয়েছে।
উপসচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. শহিদ মোতাহার হোসেনকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক, এমএম তারিকুল ইসলামকে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং মমতাজ বেগমকে সিলেট সিটি কর্পোরেশনের সচিব পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মতিউর রহমানকে বাংলাদেশ বেতারের পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আবদুস সালামকে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব নবিউল ইসলামকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক উপসচিব মাহবুবুর রহমানকে একই দপ্তরের সচিব, ত্রাণ ও পুুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক ম. শফিকুল ইসলাম বিআরটিসির মহাব্যবস্থাপক এবং মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াসিন চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক এসএম আশরাফুজ্জামানকে গোপালগঞ্জ জেলা সদরে সুইমিংপুল ও জিমনেশিয়াম নির্মাণ, শেখ কামাল স্টেডিয়াম উন্নয়ন, পুরাতন জেলা স্টেডিয়াম মেরামত ও সংস্কার এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিআরটিসি'র মহাব্যবস্থাপক শেখ মো. রজব আলীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি উপসচিব সুরত কুমার সরকারকে তথ্য মন্ত্রণালয়ে ও ফাতেমা বেগমকে পদায়ন করা হয়েছে সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব পদে।
ওএসডি উপসচিব ড. ইয়ামিন আকবরী বাণিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (পিএমইউ) উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্যকে সংসদ সচিবালয়ের উপ-পরিচালক এবং হবিগঞ্জের জেলা তথ্য কর্মকর্তা ম. ফখরুল ইসলামকে সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মনোয়ার হোসেন মোল্লাকে একান্ত সচিব করা হয়েছে সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টরের।
এছাড়া সিনিয়র সহকারী কমিশনার নিয়োগের জন্য সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) খন্দকার জাকির হোসেনকে চট্টগ্রাম, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাহিদ ফারজানা সিদ্দিকীকে ঢাকা এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এসএম মাহমুদুর রহমানকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩২ ঘ.
bdnews24