ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশনে ৬৮৫ কোটি টাকার প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৫৯৪ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দেবে এক হাজার ৪৭৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১১৬ কোটি টাকা।
প্রকল্পগুলো হলো- ৪৬ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের 'সুরমা নদীর ডান তীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প', ৬৮৫ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের 'হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প', ১২৫ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'আঞ্চলিক মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (বরিশাল কম্পোনেন্ট) (১ম সংশোধিত) প্রকল্প' এবং ৭৩৮ কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের 'নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৯০৬ ঘ.
bdnews24