ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাস ভাংচুর ও আসামী ছিনতাইয়ের অভিযোগে দায়ের দুই মামলায় সাত আইনজীবীকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
জামিনপ্রাপ্ত আইনজীবীরা হলেন- ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মিনারা বেগম, মাসুদ খান, আবুল হোসেন সিদ্দিক, আমিনুর রহমান, শফিকুল ইসলাম ও আবুল হোসেন আবুল।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
গত রোববার একটি প্রতারণা মামলার আসামি ঢাকা আইনজীবী সমিতির সদস্য নূরুল ইসলামের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক।
আদেশের পর এজলাস ভাংচুর করে তার সহকর্মীরা। তারা এজলাসের চেয়ার টেবিল ভাংচুর শুরু করেন এবং মামলার দৈনিক দিনলিপি, তালিকা খাতাসহ নথিপত্র ছুঁড়ে ফেলে দেন।
এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি মামলার বাদি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী নাজমা বেগম। অপর মামলার বাদি আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক খলিলুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬২৬ ঘ.
bdnews24