২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় বিটিসিএলের চার কর্মকর্তার জামিন

দুর্নীতির অভিযোগে একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চার কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চার কর্মকর্তা। সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক তাদের জামিন দেন। এরা হলেন- বিটিসিএলের পরিবহন শাখার সাবেক বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরী এবং বিভাগীয় প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী, উপসহকারী প্রকৌশলী শাজাহান মিয়া ও যানবাহন পরিদর্শক মো. ফারুক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম শাহিদুর রহমান ২০০৮ সালের ২১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে এ মামলা করেন। এজাহারে বলা হয়, ২০০৪-০৫ অর্থবছরে প্রতিষ্ঠানের ১১০টি গাড়ি মেরামতের ভুয়া ভাউচার দেখিয়ে ওই চারজন ৫ কোটি ৮৬ লাখ ৫০০ টাকা আত্মসাৎ করেছেন। ওই চার কর্মকর্তা গত বছরের ২৬ অগাস্ট হাইকোর্ট থেকে এ মামলায় আগাম জামিন নেন। হাইকোর্ট অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ততাদের জামিন মঞ্জুর করে। অভিযোগপত্র দাখিলের পর গত বছরেরই ৬ অক্টোবর তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। কিন্তু মামলাটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তরিত হওয়ায় সোমবার বিচারিক আদালতে হাজির হয়ে আবারও জামিন নেন তারা। আসামিদের আইনজীবী আমীনুল গণি টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার কর্মকর্তার বিরুদ্ধে আরো ছয়টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/১৮৩৭ ঘ.