গাজীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন দিতে দেরি হওয়ায় গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রোববার রাতে আইমন টেক্সটাইল অ্যান্ড হুশিয়ারি লিমিটেডে এ বিক্ষোভ চলে।
এ সময় শ্রমিকরা দেড়ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে। ছবি তুলতে গেলে তারা একজন টিভি সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও তাকে লাঞ্ছিত করে।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, বিকালে বেতন দেওয়ার জন্য শ্রমিকদের কাগজের টোকেন দেওয়া হয়। টোকেন নিয়ে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও বেতন না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা বিক্ষোভ ও ভাংচুরের এক পর্যায়ে কারখানা ফটক ভেঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাড়ক অবরোধ করে। কারখানার আসবাবপত্র বের করে মহসড়কে এনে আগুন দেয়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ সময়ে ছবি তুলতে গেলে শ্রমিকরা বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি শাহজান মিয়ার ক্যামেরা ভেঙে ফেলে এবং তাকে লাঞ্ছিত করে।
অবরোধের ফলে সড়কে ৫ থেকে ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে বহু যাত্রীবাহী বাস।
পরে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে রাত সাড়ে ৯টায় যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার নির্বাহী পরিচালক মোহাম্মদ হোসেন জানান, শ্রমিকদের রোববার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে টাকা আসতে দেরি হওয়ায় সময়মতো বেতন দেওয়া যায়নি। ফলে তারা ভাংচুর করে।
সোমবার বেতন পরিশোধ করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24