চট্টগ্রাম, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীতে চলাচলকারী নতুন ভাড়াযুক্ত মিটারঅলা এবং মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানে সাতশ ৫৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পরিচালিত অভিযানের প্রথম দিনে সাতটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। অভিযান চলবে শুক্রবার পর্যন্ত।
আগামী ১৬ এপ্রিল থেকে চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটোরিকশা নির্ধারিত নতুন ভাড়ার মিটারে চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি'র ট্রাফিক বিভাগ।
এ লক্ষ্যে রোববার সকাল থেকে নগরীতে অভিযান শুরু করে পুলিশ।
সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতেও অভিযান চলছে।
"সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ অভিযান শুরু হয়েছে। এবার কোনো ছাড় দেওয়া হবে না। মিটার সংযোজন এবং মিটারে নতুন ভাড়া যুক্ত (ক্যালিব্রেশন) করতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে।"
গত বৃহস্পতি ও শনিবার দুদফায় চালক, মালিক, বিআরটিএ ও মিটার সংযোজনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে ট্রাফিক বিভাগ।
ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সিএনজি অটোরিকশার মিটারে নতুন ভাড়া যুক্ত করা হয়েছে কি না তা নির্ণয়ে রোববার সকাল থেকে অভিযান শুরু হয়।
মহানগরে চলাচলকারী প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশার মিটার ক্যালিব্রেশনের শেষ সময় ছিল শনিবার।
অভিযানের প্রথম দিনে 'বিপুল' সংখ্যক গাড়ির বিরুদ্ধে মামলা করায় রাত ১০টায় বৈঠকে বসছে সিএনজিচালকদের দুই সংগঠন 'চট্টগ্রাম মহানগর অটোরিকশা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়ন' এবং 'চট্টগ্রাম বেবী টেক্সী টেম্পু ড্রাইভার সহকারী ইউনিয়ন'।
শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপুল সংখ্যক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে চালকদের করণীয় ঠিক করতে রাতের বৈঠক আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৩০ ঘ.
bdnews24