২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসীর উপর হামলা, আহত ১৫

কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় ৩০টি ঘরবাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় ৩০টি ঘরবাড়ি। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর বেশনাল গ্রামে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। হামলার সময় গুলিবর্ষণ ও বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এলাকাবাসী জানান, চর বেশনাল গ্রাম থেকে পুরা গ্রামের বেইলি ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তাটি ঢালীকান্দি গ্রামের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু ঢালীকান্দি গ্রামের লোকজন রাস্তার জন্য জায়গা দিতে অস্বীকৃতি জানায়। ফলে শুক্রবার কাজ বন্ধ হয়ে যায়। নির্মাণাধীন রাস্তার কাজ পুনরায় শুরু করার জন্য মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মাফুজুল হক শুক্রবার ঘটনাস্থলে যান। কিন্তু তিনি এ ব্যাপারে ঢালীকান্দি গ্রামের লোকজনের সাথে আলোচনা করে ব্যর্থ হন। ৫ লাখ টাকা ব্যয়সাপেক্ষ এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি কামিটি গঠন করা হয়। যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল শাখার সভাপতি আব্দুর রহমান জীবন। গত ১৯ মার্চ রাস্তা তৈরির কাজ শুরু হয়। জীবন হচ্ছেন চর বেশনাল গ্রামের বাসিন্দা। তার পিতা মাইনুদ্দিন আকন্দ মোল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতেই চর বেশনাল এবং ঢালীকান্দি গ্রামের লোকজনদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় সেখানে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বাবুল সরদারও ছিলেন। এক পর্যায়ে প্রকল্পের চেয়ারম্যান জীবনের সাথে ঢালীকান্দি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রমজান ঢালীর বিরোধ চরমে পৌঁছে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, এই বিরোধের জের ধরেই চর বেশনাল গ্রামে হামলা চালানো হয়। এতে প্রায় ১৫ জন আহত ও ৩০টি বাড়ি ভাংচুর করা হয়। আহতদের মধ্যে তারা মিয়া (২২), কাঞ্চন মালা (৭০), হাসিনা বেগম (৩০), শাহ পরাণকে (২১) মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চাঁন মিয়া (২৩), নুরুল ইসলাম (২৭), বাবু (১৪), হযরত আলী (১৩) ও আরো কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত তারা মিয়া সাংবাদিকদের বলেন, "খুব সকালে এ হামলা হওয়ায় অনেকেই কিছু বোঝার আগেই মারপিটের শিকার হয়। হামলাকারীরা গুলি বর্ষণ ও হাতবোমা ব্যবহার করেছে। এসময় নারীদেরকে লাঞ্ছিত করা হয়। আতঙ্কে লোকজন ছুটাছুটি শুরু করে।" ওসি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কেউ গ্রেপ্তার হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মাফুজুল হক শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক চেষ্টা করেও বিরোধ নিস্পত্তি করা সম্ভব হয়নি। রাস্তার জন্য জমিকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। প্রকল্পের চেয়ারম্যান জীবন জানান, তিন ঘণ্টা ধরে হামলা চলে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে কাবিখা প্রকল্পের রাস্তাটির কাজ মাঝ পথে বন্ধ হয়ে গেছে। এই হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রমজান ঢালীর সাথে যোগাযোগের জন্য কয়েক দফা চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৫৬ ঘ.