গাজীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে একটি হ্যাচারির অন্তত ১২ হাজার মুরগি পুড়ে গেছে।
এছাড়া আরো ১৮ হাজার মুরগি আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে।
শনিবার সন্ধ্যায় ভান্নারা গ্রামের আকুলিচালায় 'ঢাকা হ্যাচারি'তে এ অগ্নিকাণ্ড হয়।
কালিয়াকৈরের দমকল কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুস সামাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ঢাকা হ্যাচারির আকুলিচালা প্রকল্পের ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, তাদের তিনটি সেডের মধ্যে মাঝখানের সেডে সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।
এতে ওই সেডের ১২ হাজার মুরগি পুড়ে যায়।
এছাড়া তাপ ও ধোঁয়ায় পাশের অপর দু'টি সেডের ১৮ হাজার মুরগিও ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে তাদের প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.
bdnews24