ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শনিবার চারজনের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।
গাজীপুর প্রতিনিধি জানান, সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হন গৃহবধূ নাসরিন (৩০)।
আহত হয় তার মেয়ে মিম (০৭)।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, আহত মিমকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসরিন ঢাকার নবাবগঞ্জের গালিমপুর এলাকার বাসিন্দা।
জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে সদর উপজেলার মালেকের বাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানচালক (৪০) নিহত হন।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল সহাসড়কে মাছ বোঝাই নসিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সদর থানায় এসআই কামরুল হাসান জানান, সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে ভোরে এ দুর্ঘটনায় নিহত হন নসিমন চালক আনন্দ বিশ্বাস (৪০) ও আলমগীর ফকির (৩০)।
আনন্দ বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া এবং আলমগীর ফকিরের বাড়ি মস্তফাপুরের চর্তুরপাড়া গ্রামে।
আহত তিনজন হলেন মাছ ব্যবসায়ী ফারুক (৪৫), দিপুল (৩০) ও মানিক (২৬)।
এর মধ্যে ফারুক ও মানিককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24