হবিগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার ছাদেকপুর নামক স্থানে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত ও চার জন আহত হয়েছে।
এছাড়া ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বছিনা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও এক জন আহত হয়।
নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের জ্যোতিশ পালের ছেলে জয়ন পাল (৩০)।
আহতদের দুজন হলেন বানিয়াচং উপজেলার জুরানগরের অ্যাডভোকেট সুবল দাস (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩৫) ।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস ছাদেকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের হেলপার জয়ন পাল, বাসযাত্রী সুবল দাসসহ পাঁচ জন আহত হয়।
জয়ন ও সুবলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জয়নকে মৃত ঘোষণা করেন।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, রাত ৩টার দিকে বছিনায় হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অজ্ঞাত পরিচয় দুই পিকআপ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ যাত্রী আনোয়ার মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫৬ ঘ.
bdnews24