২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে বিশেষ গেরিলা বাহিনীর স্বীকৃতি দাবি

মুক্তিযুদ্ধে নিজেদের বিশেষ গেরিলা বাহিনীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে নিজেদের বিশেষ গেরিলা বাহিনীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা ইউনিয়ন। তারা বলছে, ২০ হাজার বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া ছাড়া মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস রচনা সম্ভব নয়। বৃহস্পতিবার ১১টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ন্যাপ- কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধা ইউনিয়নের এক সমাবেশে এ দাবি জানানো হয়। 'যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং ৭২'র সংবিধান কার্যকর করার দাবি' ছিলো সমাবেশের মূল স্লোগান। মুক্তিযুদ্ধের সবগুলো সেক্টরের প্রায় দেড় হাজার মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন ও গণসংগীতের ভিতর দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি (ন্যাপ) অধ্যাপক মোজাফফর আহম্মেদ। সভাপতিত্ব করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধা ইউনিয়নের সমন্বয়য়ক মোর্শেদ আলী। মোর্শেদ আলী বলেন, "সরকার নিজেই দেশের ইতিহাস বিকৃত করে ফেলছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে ছয় দফার উল্লেখ আছে কিন্তু ১১ দফার উল্লেখ নাই। অথচ এই ১১ দফা ছাড়া ৬৯ এর গণঅভ্যুত্থান সম্ভব হতো না। "আমাদের প্রায় ২০ হাজার গেরিলা মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া ছাড়া সঠিক ইতিহাস সম্ভব নয়। আমাদের বাহিনীকে স্বীকৃতি দিয়ে ইতিহাসের সত্যটা লিখে ফেলেন।" সংবিধান সংশোধন প্রশ্নে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "জোড়াতালি দেয়া সংবিধান আমরা মানি না।" সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুল রহমান সেলিম, বাংলাদেশ ছাত্র-ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ড. সরওয়ার আলী প্রমুখ। ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশে বলেন, "ছাত্র, তরুণ, যুবকরা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গে যোগ দিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২১২৩ ঘ.