ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের 'সাহসী' ভূমিকা অনুসরণ করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে রাজধানীতে এক স্মরণসভায় দলের নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, "দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আজ বিপন্ন হয়ে পড়েছে। তাই আমাদের নেতা-কর্মীদের প্রয়াত মহাসচিবের সাহসী ভূমিকা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগুতে হবে। ১/১১ এর জরুরি অবস্থার সময় খোন্দকার দেলোয়ার কেবল বিএনপির জন্যই নয়, গণতন্ত্র রক্ষায়ও সাহসী ভূমিকা রেখেছেন।"
দেলোয়ারকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করারও আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সম্মিলিত পেশাজীবী পরিষদ দেলোয়ার স্মরণে এই সভার আয়োজন করে।
গত ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর কারাবন্দি হওয়ার আগে আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিবের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ বলেন, দেশে গণতন্ত্র রক্ষায় খোন্দকার দেলোয়ার হোসেন সাহসী ভূমিকা রেখেছেন। তার এ অবদার দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অন্য বক্তারা প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন।
সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোস্তাহিদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক এম এ আজিজুল হক, ইঞ্জিনিয়ার্স আসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি আ ন হ আখতার হুসেন, এগ্র্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব হাসান জাফির তুহিন, শিক্ষক-কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি সেলিম ভূঁইয়া, মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও খোন্দকার দেলোয়ারের বড় ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24