সিরাজগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে কোনাবাড়ি থেকে শুক্রবার ভোরে এক ট্রাক চিনি লুট করেছে দুর্বৃত্তরা।
ট্রাকসহ চালক ও সহকারীকে পরে সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মুনির হোসেন সাংবাদিকদের বলেন, নরসিংদীর দেশবন্ধু সুগার মিল থেকে ১৬ টন চিনি নিয়ে ট্রাকটি দিনাজপুরের সেতাবগঞ্জ যাচ্ছিলো।
গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রীবেশী নারীসহ সাত সদস্যদের ডাকাতদল ট্রাকে ওঠে। পথে এক পর্যায়ে ডাকাতরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তারা চালক সুসেন চন্দ্র সেন (৪০) ও সহকারী জয়দেবের (২৭) হাত-পা ও চোখ-মুখ বেঁধে রাখে। তাদের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ থানার মোহনপুর গ্রামে।
ট্রাকটি কোনাবাড়ি এলাকায় পৌঁছলে ডাকাতরা অন্য একটি ট্রাকে চিনি তুলে নিয়ে পালিয়ে যায় বলে ট্রাক চালক পুলিশকে জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, চিনির মালিককে খবর দেওয়া হয়েছে।
কোনাবাড়ী এলাকা বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার অধীন।
ওই থানার ওসি জানান, তিনি বিষয়টি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24