ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগাস্ট সংঘর্ষের ঘটনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিতে একটি 'অনানুষ্ঠানিক' প্রস্তাব পাঠিয়েছেন সাবেক সেনা প্রধান মইন উ আহমেদ।
তবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, তাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে যোগাযোগ করতে হবে।
ওই ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "তিনি (মইন) ব্যক্তি মারফত আনঅফিশিয়ালি যোগাযোগ করেছেন। কিন্তু কমিটি তার অফিশিয়াল বক্তব্য চায়।"
মইন উ আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষকসহ বহু শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
ওই সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে সংসদীয় কমিটি চার সদস্যের এই উপ-কমিটি গঠন করে। উপ কমিটি ওই সংঘর্ষের বিষয়ে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদের বক্তব্য শোনার সিদ্ধান্ত নেয়।
এই পরিপ্রেক্ষিতে আগামী ১৮ এপ্রিল উপকমিটির বৈঠকে হাজির হতে ফখরুদ্দীন আহমেদ ও মইন উ আহমেদকে চিঠি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০৫১ ঘ.
bdnews24