ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির দুটি মামলায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাশেমের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে এ অভিযোগ গঠন হয়। আদালত আগামী ৩ মে দুই মামলাতেই সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে।
একই সঙ্গে এ দুই মামলার ১০ আসামির জামিনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
পারটেক্স বেভারেজের পরিচালক হিসেবে হাশেমের বিরুদ্ধে এ অভিযোগ গঠন হয়। দুই মামলার মধ্যে একটিতে হাশেম একাই আসামি। অন্যটিতে হাশেমের পরিবারের সদস্যসহ ওই প্রতিষ্ঠানের ১০ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
হাশেম ছাড়া বাকি নয় জন হলেন- পারটেক্স বেভারেজ লিমিটেডের পরিচালক তার স্ত্রী সুলতানা হাশেম, ব্যবস্থাপনা পরিচালক ছেলে রুবেল আজিজ, আশফাক আজিজ, অপর পরিচালক ছেলে মো. আজিজ আল কায়সার, পরিচালক ছেলে মো. আজিজ আল মাহমুদ, পরিচালক ছেলে মো. আজিজ আল মাসুদ, পরিচালক ছেলে মো. শওকত আজিজ, পারটেক্স গ্র"পের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও পারটেক্স গ্র"পের সাধারণ ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পেয়ার আহমেদ।
এর মধ্যে রুবেল ও আশফাক একই ব্যক্তি বলে হাশেমের আইনজীবীরা জানিয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্তদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ২৭ ফেব্র"য়ারি জাতীয় রাজস্ব বোর্ড এ মামলা দুটি করে। ওই দিন বিকালেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক।
১০ জনের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ করকমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর দায়ের করা মামলার অভিযোগ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজসে ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০০৭-২০০৮ করবর্ষ পর্যন্ত ২৩২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৯০৯ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন।
এতে আরো বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে তারা ইচ্ছাকৃতভাবে হলফ করে মিথ্যা তথ্য দিয়েছেন যা আয়কর অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে শুধু হাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়, তিনি ১৮ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩৮০ টাকার সম্পদের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য ৪ কোটি ৭৬ হাজার ৮৪৫ টাকার কর ফাঁকি দিয়েছেন।
এ মামলায় হাশেমের বিরুদ্ধে গত ২০ মার্চ সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিলো।
দুই মামলাতেই আসামি পক্ষ অভিযোগ গঠনের জন্য সময় চান। সময় আবেদনে তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, যেহেতু মামলাটি আপসযোগ্য এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে টাকা পরিশোধের বিষয়ে কথা হয়েছে, সেহেতু অভিযোগ গঠন না করে সময় দেওয়া হোক।
কিন্তু তাদের এ আবেদনে আপত্তি তুলে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক। অবশ্য অভিযোগ গঠনের পরও পরে মামলা দুটি প্রত্যাহারের সুযোগ থাকছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24