চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তি দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা শফিউল আলম প্রধান ।
বুধবার চট্টগ্রামে জাগপা'র প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় আলোচনায় তিনি এ দাবি জানান।
বুধবার বিকালে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ আলোচনা সভায় পূর্ব নির্ধারিত প্রধান ও বিশেষ অতিথির কেউই উপস্থিত ছিলেন না।
প্রধান বলেন, "দুনিয়ার কোনো কারাগার নেই যা সাকা চৌধুরীকে বন্দি করে রাখতে পারে। শুধু শেখ হাসিনা নয় মনমোহন সিংও সাকা চৌধুরীকে বন্দি রাখতে পারবে না।"
জাগপা'র দলীয় আলোচনা সভা হলেও এতে সভাপতিত্ব করেন নগর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহদাত হোসেন। শফিউল আলম বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে।
এছাড়া সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও মেয়ে সারজিন কাদের চৌধুরী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেন নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০১১ সাল পার করতে দেয়া হবে না- এই হুঁশিয়ারি উচ্চারণ করে জাগপা সভাপতি বলেন, চট্টগ্রামের সীমানার মধ্যেই সভা হয়েছে এবং সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা বক্তৃতা করেছেন।
সাকা চৌধুরীর মেয়ে সারজিন কাদের চৌধুরী বলেন, তার বাবা যুদ্ধাপরাধী হয়ে থাকলে লালদীঘির ময়দানে চট্টগ্রামবাসীর সামনে বিচার করা হোক।
যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে সালাউদ্দিন কাদেরের আইনজীবীদের ঢুকতে দেওয়া হয় না অভিযোগ করে তিনি বলেন, টিকেট কেটে ওই আদালতে যেতে হয়।
নগরীর মুসলিম হলে বুধবার বিকালে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় আলোচনা সভা হওয়ার কথা ছিল।
কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মুসলিম হলের ঠিক উল্টোদিকে অদূরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একইসময়ে সমাবেশের আয়োজন করে মহানগর ছাত্রলীগ।
এ অবস্থায় সম্ভাব্য সংঘাত এড়াতে চট্টগ্রাম মহানগর পুলিশ পাশাপাশি স্থানে একই সময়ে সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি জাগপা ও ছাত্রলীগকে।
সভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই আলোচনা সভা বিএনপি কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় জাগপা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২১৩ ঘ.
bdnews24