সিলেট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে এক গৃহকর্মীকে ধর্ষণ শেষে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে নগরীর সাগর দিঘীর পার এলাকায় 'আপন ব্লু-টাওয়ার'র সামনের রাস্তায় তামান্না বেগম (২০) নামের ওই মেয়ের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
এরা হলেন- 'আপন ব্লু-টাওয়ার'র পাশের লন্ড্রি দোকানী আলম আহমদ (২০), নৈশ প্রহরী মফিজ মিয়া (৩৫) ও পাশের বাসার গৃহকর্মী শিল্পী বেগম (১৮)।
তামান্না বেগম প্রায় তিন বছর ধরে আপন ব্লু-টাওয়ার'র তৃতীয় তলার বাসিন্দা ডা. এম এ কুদ্দুসের বাসায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
বাসার গৃহকর্ত্রী সাদিয়া হক সাংবাদিক ও পুলিশকে জানান, মঙ্গলবার রাত ৯টার পর তামান্না তার কক্ষে ঘুমাতে যায়। তারাও অন্য কক্ষে ঘুমাতে যান।
সকালে ঘুম থেকে উঠে তামান্নার কক্ষের দরজা খোলা দেখেন। কিছুক্ষণ পরই এলাকার লোকজন এসে লাশ দেখার কথা বললে তিনি গিয়ে তামান্নার লাশ সনাক্ত করেন, বলেন সাদিয়া হক।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন বলেন, "ঘটনাটি রহস্যজনক।"
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ইশতিয়াক।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কান্তা দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়েটির একটি পা ও একটি হাত ভাঙা এবং তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫০ ঘ.
bdnews24