ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার বংশালে চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত গৃহকর্মী আসমা বেগমের (২২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আসমা।
এ ঘটনায় গৃহকর্তা হালিম ও গৃহকর্ত্রী জেসমিন আক্তার লাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকার একটি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন আসমা। এ সময় লাকিও (৩২) লাফিয়ে পড়েন।
তাদের দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় বলে পুলিশ জানায়।
হাসপাতালে চিকিৎসাধীন লাকি সোমবার সাংবাদিকদের কাছে দাবি করেন, বিকালে তিনি যখন রান্নাঘরে কাজ করছিলেন, সেই সময় আসমা দৌঁড়ে ছাদে ওঠে। তাকে দৌঁড়াতে দেখে পেছনে পেছনে লাকিও ওঠেন। আসমা ছাদ থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করলে লাকির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এরপরও আসমা লাফিয়ে পড়লে তিনিও ছাদ থেকে লাফ দেন।
আসমা দুই মাস আগে তাদের বাসায় কাজ শুরু করেন বলে জানান লাকি।
বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালিম ও লাকিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, "গৃহকর্ত্রী মারধর করতো বলে জেদের বশে ছাদ থেকে লাফিয়ে পড়ে আসমা। আর পরিণতি বুঝতে পেরে লাকিও লাফিয়ে পড়েন।"
আসমার ভাই শাহাবুল আকন বাদী হয়ে একটি মামলা করেছেন বলে ওসি জানান।
আসমার গ্রামের বাড়ি ময়মনসিং জেলার হালুয়া ঘাট থানার কৃঞ্চনগরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০১৩০ ঘ.
bdnews24