২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: অসাধু এজেন্সির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুপারিশ

হজে পাঠানোর নামে 'আদম ব্যবসা' বন্ধে অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজে পাঠানোর নামে 'আদম ব্যবসা' বন্ধে অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার কমিটির ২২তম বৈঠক এ সুপারিশ করা হয় বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। তথ্য বিবরণীতে বলা হয়, হজে পাঠানোর নামে কিছু অসাধু এজেন্সির 'আদম ব্যবসা' বন্ধের বিষয়ে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। ২০১০ সালের হজ মৌসুমে যে সব এজেন্ট হজ শেষে তাদের পাঠানো হাজিদের দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে- তাদের বিরুদ্ধে জাতীয় হজনীতি অনুযায়ী লাইসেন্স বাতিল, জামানত জব্দ, জরিমানা, জামিন-অযোগ্য অপরাধে দেওয়ানী ও ফৌজদারী মামলার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি বিধানের সুপারিশ করা হয় বৈঠকে। ভবিষ্যতে এসব এজেন্সির অপতৎপরতা রোধ এবং জনগণের ভোগান্তি কমাতে অভিযুক্তদের ছবিসহ পরিচিতি গণমাধ্যমে প্রচার করারও পরামর্শ দিয়েছে কমিটি। এ কমিটির সদস্য মো. মতিউর রহমান, এ বি এম আবুল কাসেম, হাবিবুর রহমান মোল্লা, সাধন চন্দ্র মজুমদার এবং বজলুল হক হারুন বৈঠকে অংশ নেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০২৯ ঘ.