২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগপা, ছাত্রলীগকে সভা-সমাবেশের অনুমতি দেয়নি সিএমপি

সম্ভাব্য সংঘাত এড়াতে চট্টগ্রাম মহানগর পুলিশ পাশাপাশি স্থানে একই সময়ে সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ছাত্রলীগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাব্য সংঘাত এড়াতে চট্টগ্রাম মহানগর পুলিশ পাশাপাশি স্থানে একই সময়ে সভা-সমাবেশ করার অনুমতি দেয়নি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ছাত্রলীগকে। সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগপা বুধবার বেলা তিনটায় নগরীর মুসলিম হলে কেন্দ্রীয় আলোচনা সভার আয়োজন করে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মুসলিম হলের ঠিক উল্টোদিকে অদূরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একইসময়ে সমাবেশের আয়োজন করে মহানগর ছাত্রলীগ। উভয়পক্ষই সভা-সমাবেশ করার জন্য সিএমপি বরাবর অনুমতির আবেদনও করে। পুলিশ বলছে, দু'পক্ষের 'পাল্টাপাল্টি' সভা-সমাবেশের কারণে সম্ভাব্য সংঘাতের আশংকায় মঙ্গলবার উভয়পক্ষকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। সিএমপি'র বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাছাকাছি স্থানে একই সময়ে দু'পক্ষ সভা-সমাবেশের আয়োজন করায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি। বুধবার সকাল থেকেই মুসলিম হল, শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান। এদিকে জাগপা প্রধান শফিউল আলম প্রধান অভিযোগ করেছেন, প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে তাদের সভা বন্ধ করে দিয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম মেনে অনুমতির জন্য আগেভাগেই পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তখন তাদের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি। অনুষ্ঠানের আগেরদিন চিঠি দিয়ে সভা করতে না দেওয়াটা উদ্দেশ্যমূলক। সভা করতে না দেওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১১ টায় জাগপা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে বলেও জানান শফিউল আলম প্রধান। মহানগর ছাত্রলীগ সভাপতি এম আর আজিম বলেন, নিয়ম মেনেই তারা আগে অনুমতির জন্য আবদেন করেন। পুলিশ বাধা দিলে যুদ্ধাপরাধের বিচার দাবিতে অন্যত্র সমাবেশ করা হবে। জাগপা'র আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আজাদের বক্তব্য রাখার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৫৫ ঘ.