ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের কোন বিরূপ প্রভাব পড়েনি জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে।
সোমবার সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক দিনের চেয়ে বেশি। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রিসভার বৈঠকের কারণে উপস্থিতির হার বেশি।
বৈঠক ও হরতালের কারণে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি নিশ্চিত হয়। তবে দর্শনার্থীদের তেমন দেখা যায়নি।
সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার তথ্য অনুযায়ী, তাদের কর্মকর্তাদের উপস্থিতি প্রায় শতভাগ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ঘুরেও স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩২৬ ঘ.
bdnews24