ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ঢাকায়। হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ তেমন দেখা যায়নি, তবে পুলিশ ও র্যাবের প্রহরা রয়েছে। ফরিদপুরের নগরকান্দায় হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
রাজধানীর পল্টন এলাকায় অবস্থানরত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শামীম আহমেদ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই এলাকায় কোনো মিছিল-সমাবেশ দেখতে পাননি। গাড়ি চলাচল অন্যান্য দিনের চেয়ে সামান্য কম। রাস্তায় রিকশা প্রচুর। দোকানপাটও খোলা রয়েছে।
বায়তুল মোকাররম কম্পাউন্ডের ভেতরে হরতাল সমর্থক একদল সমবেত হলেও পুলিশি বাধার কারণে তারা মিছিল করতে পারছে না।
হরতাল আহ্বানকারী মুফতি আমিনীর এলাকা লালবাগেও কোনো মিছিল সমাবেশ দেখতে পাননি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার।
আমিনী নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল করতে গেলেই পুলিশ লাঠিপেটা করছে। সকালে কাকরাইলে তাদের মিছিলে পুলিশ লাঠি চালায় বলে দাবি করেন তিনি।
গুলিস্তান থেকে যাত্রাবাড়ী এলাকা পর্যন্ত গাড়ি চলাচল করতে দেখেছেন কামাল তালুকদার। সায়েদাবাদ থেকে দূরপাল্লার গাড়িও চলতে দেখা গেছে।
মোহাম্মদপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল চলছে। বাসস্ট্যান্ডে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থনকারী মাদ্রাসা শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পুলিশের এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়াও দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার। বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি চলছে না।
হরতালের কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। সে অনুযায়ী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব-পুলিশের অবস্থান দেখা গেছে।
হরতাল সড়ক পথে চলাচলকে কিছুটা প্রভাবিত করলেও ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দা উপজেলা সদরে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯টার দিকে হরতাল সমর্থকরা মিছিল নিয়ে নগরকান্দা থানা ঘেরাও করতে গেলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হরতালকারীরাও তখন ইট-পাটকেল নিক্ষেপ ছুড়ে। সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলছিলো।
নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে পিকেটিং হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানিয়েছেন। শহরের চাষাঢ়া এলাকায় পিকেটিংয়ের কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় রিকশা চলতেও বাধা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/কেটি/এমআই/১০০০ ঘ.
bdnews24