সাভার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। চোরেরা দেয়াল ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে নগদ টাকা ছাড়াও ৩০০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় সোয়া কোটি টাকার অলঙ্কার নিয়ে গেছে।
শনিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শোভা জুয়েলার্স ও পিংকি জুয়েলার্স নামের দুটি দোকানে এই চুরি হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে মার্কেটের একটি ফাস্ট ফুডের দোকান মালিককে আটক করেছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩০০ ভরি স্বর্ণের গহনা, ৫০ ভরি রূপার গহনা, নগদ আড়াই লাখ টাকা ও অন্যান্য মালামাল।
পুলিশ জানায়, শনিবার রাতে যে কোন এক সময় চোরেরা চৌরঙ্গী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাঈদ ফাস্ট ফুড এন্ড ফ্ল্যাক্সিলোডের দোকানের ৪টি তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে চোরেরা ওই দোকানের ভেতর দিয়ে মেশিনের সাহায্যে দেয়াল কেটে পিংকি জুয়েলার্স ও একই কায়দায় শোভা জুয়েলার্সে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে ফাস্টফুড ও ফ্ল্যাক্সিলোড দোকানের কোন মালামাল চুরি হয়নি।
পিংকি জুয়েলার্সের মালিক কার্তিক চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের এই মার্কেট রোববার সাপ্তাহিক বন্ধ। রূপা কেনার জন্যে ঢাকা যাবো। সকালে দোকানে এসেছি টাকা নিতে। এসে তালা খুলেই ভিতরে ঢুকেই দেখি সব ফাঁকা। পিছনে দেয়াল ভাঙ্গা।"
তিনি জানান, তার দোকান থেকে ১৬০ ভরি স্বর্ণের গহনা, ১০ ভরি রূপার গহনা, নগদ দেড় লাখ টাকা ও অন্যান্য সামগ্রী খোয়া গেছে।
শোভা জুয়েলার্সের মালিক অজিত ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চোরেরা তার দোকান থেকে ১৪০ ভরি স্বর্ণের গহনা, ৪০ ভরি রূপার গহনা, নগদ এক লাখ টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে।
তিনি বলেন, "এই ব্যবসাই আমার একমাত্র ভরসা ছিল। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।"
সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মার্কেটে সাপ্তাহিক ছুটি। চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়েছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে ফাস্টফুড ও ফ্ল্যাক্সিলোড দোকানের মালিক সাইদুর রহমান সাঈদকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24