ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দ্বীপের কাঁটাতারে গলা কেটে এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বাড্ডায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক যুবক।
রোববার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রেসক্লাবের সামনের ঘটনাটি ঘটে সকাল পৌনে ৯টার দিকে। নিহতের নাম তাসলিমা আক্তার লিমা (২৫)। তার বাসা খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাসের চাকা ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে গিয়ে সড়ক দ্বীপে কাঁটাতারে আটকে পড়েন লিমা।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আইনুর হোসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারের ওপর পড়ে লিমার গলা কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া চিকিৎসক জানান, লিমা মারা গেছেন।
লিমা ডেসটিনি গ্র"পের কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডার দুর্ঘটনাটি ঘটে বারিধারার কাছের নতুন বাজার এলাকায়। সেখানে রাস্তা পার হওয়ার সময় বকুল (৩০) নামে এক যুবক বাসের ধাক্কায় আহত হন।
পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন।
দুটি লাশই ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে বলে হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24