ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম পর্যায়ের নির্বাচনের শেষ দিনে আট জেলার ১৫ উপজেলার ১৩২টি ইউনিয়নে ভোট চলছে।
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, তা টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল জেলার মুলাদী, মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলা; পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলা; পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা; বরগুনা জেলার আমতলী উপজেলা; খুলনা জেলার রূপসা, ফুলতলা, তেরখাদা, ডুমুরিয়া উপজেলা; সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা উপজেলা; বাগেরহাট জেলার মোড়লগঞ্জ, শরণখোলা উপজেলা এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ইউনিয়গুলোয় নির্বাচন হচ্ছে।
প্রথম দফা নির্বাচনের পঞ্চম দিনে শনিবার ১১ উপজেলার ৭৭ ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানান বাতেন।
চতুর্থ দিনে শুক্রবার অনুষ্ঠিত দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে, বৃহস্পতিবার তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে, বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউনিয়নে এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোট হয়।
এ পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ইউপি নির্বাচনে দু'এক জায়গায় সরকার দলীয় সংসদ সদস্যদের প্রভাব খাটানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আগামীতে সাংসদরা স্থানীয় পর্যায়ে প্রভাব খাটোনোর এ প্রবণতা দেখাবেন না বলে প্রত্যাশা করি।"
তিনি সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন।
দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ছয় দিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়।
প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোতে মে-জুন মাসে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ইসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৯২০ ঘ.
bdnews24