সাভার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের জেরে শনিবার সন্ধ্যায় সাভারে একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মজুরি বৃদ্ধির দাবিতে দুপুরে ডিইপিজেডের 'সফটেক্স সোয়েটার লিমেটেড' নামের এই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছিল।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের সোয়েটার কারখানা 'সফটেক্স সোয়ের্টার লিমেটেড'র প্রায় দ্বিতীয় শিফটের পাঁচ শতাধিক শ্রমিক মজুরি (পিচরেট) বৃদ্ধির দাবিতে দুপুর ২টার দিকে কারখানার ভিতরে বিক্ষোভ করতে থাকে।
তারা প্রতিপিচ তৈরি সোয়েটার ৬৫ টাকার পরিবর্তে ৭৫ টাকা ও ৫০ টাকার পরিবর্তে ৬৫ টাকা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে।
বিকাল সাড়ে ৪টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে রোববার আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এদিকে কারখানা কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে গোপনে অনির্দিষ্টকালের জন্যে কারখানাটি বন্ধ ঘোষণা করে চলে যায়।
রোববার শ্রমিকরা কারখানায় এসে বন্ধ দেখতে পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আশঙ্কায় ভোর থেকে কারখানার মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে কথা বলতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহা-ব্যবস্থাপক আশরাফুল কবীরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24