ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব থেকে ফেরার পর খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকায় লাখো নেতা-কর্মী জমায়েত করার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা তাদের প্রস্তুতির কথা জানান।
দলের মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের বাইরে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে নেতা-কর্মীরা দলীয় চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাবেন। এ কর্মসূচি হবে শান্তিপূর্ণ।
গত ২০ মার্চ সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য যান বিরোধীদলীয় নেতা খালেদা। তিনি ওমরাহও পালন করেন। রোববার দুপুরে তার দেশে ফেরার কথা।
বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান বলেন, "কাল (রোববার) বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত লক্ষ নেতা-কর্মী রাস্তার দুই ধারে সমবেত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।"
ঢাকায় বড় জমায়েত করে পরবর্তী আন্দোলন কর্মসূচি চাঙা করার পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল।
নয়া পল্টনে যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপির সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
দলের অর্থনৈতিক বিষষক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১২ ঘ.
bdnews24