ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সঙ্গে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব এইচটি ইমামের সম্পৃক্ততার কথা তুলে ধরে তার সমালোচনা করেছেন কাদের সিদ্দিকী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার হয়েছে। তাই তার (বঙ্গবন্ধু) হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ করানোর অপরাধে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (বর্তমান) এইচটি ইমামের বিচার হওয়া উচিত।"
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী অস্ত্র হাতে তুলে নেন। পরে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে তিনি দেশে ফিরে আওয়ামী লীগে সক্রিয় হন। পরে অবশ্য আওয়ামী লীগ ছেড়ে নতুন দল গঠন করেন তিনি।
কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, সচিব হিসেবে ইমাম সাহেব তাকে (মোশতাক) শপথ পাঠ করিয়ে অপরাধ করেছেন।
"এখন কেউ কেউ বলেছেন, আমার গায়ে মুজিব কোট মানায় না। তবে কি এ কোট গোলাম আযম, বঙ্গবন্ধুর খুনি কিংবা হত্যার ষড়যন্ত্রকারী মোশতাককে শপথ করানো এইচটি ইমামের গায়ে মানায়", বলেন তিনি।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে জামিন দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।
তিনি বলেন, "তাকে জামিন দেওয়ায় এ বিচার নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। এই বিচারের প্রতি মানুষের আস্থা থাকবে কি না, সেই সন্দেহ রয়েছে।"
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে কাদের সিদ্দিকী বলেন, "বর্তমান সরকারের ব্যর্থ নেতৃত্বের কারণে দেশ রসাতলে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন, 'পরিস্থিতি' ভালো। তাহলে কি তাকে 'নির্বোধ' বলা সমীচীন নয়?"
'মুক্ত চিন্তা' নামের একটি সংগঠন আয়োজিত এ সভায় কাদের সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন শহীদুল্লাহ ফরায়জী, মুুক্ত চিন্তার উপদেষ্টা নজির আহমেদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪০০ ঘ.
bdnews24