২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে অনশনে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যানরা

দাবি পূরণ না হলে ১ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একাংশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণ না হলে ১ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের একাংশ । শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সভাপতি আবদুল মজিদ ফটো এ ঘোষণা দেন। সংসদ সদস্যকে উপজেলা পরিষদের উপদেষ্টা করার বিধান বাতিলসহ ১০ দফা দাবি পূরণে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসাবে গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদের দুই বছর পূর্তিতে 'গণঅনশন' কর্মসূচি পালন করেন তারা। ঐক্য পরিষদের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ১০ দফা দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস পেয়েছি। সরকারকে মে পর্যন্ত সময় দিতে চাই। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ১ জুন থেকে আমরণ অনশন শুরু করবো।" গত ২০ মার্চ ঐক্য পরিষদের দাবি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "উপজেলা পরিষদ আইন ও পরিপত্রের সাংঘর্ষিক বিষয় নিয়ে শিগগির বৈঠক হবে বলে আশা করছি। চলতি মাসেই প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগ নেবে সরকার।" গত অক্টোবরে ঐক্য পরিষদ দাবি পূরণের জন্য সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। পরে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নিয়ে ১৬ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সাত বিভাগে সভা-সমাবেশ করে তারা। ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জাতীয় বাজেটের ৭০ শতাংশ স্থানীয় সরকারের অনুকূলে বরাদ্দ, সংসদে স্থানীয় সরকারের জন্য পৃথক বাজেট ঘোষণা, পরিষদের সব কর্মকর্তা-কর্মচারীর বার্ষিক গোপন প্রতিবেদন লেখার দায়িত্ব পরিষদের চেয়ারম্যানকে দেওয়া, সব দাপ্তরিক ফাইল ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে চেয়ারম্যানের কাছে পাঠানো। উপজেলা পরিষদ আইনের ধারা অনুযায়ী ১০টি মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর পরিষদের অনুকূলে হস্তান্তরের লক্ষ্যে জারি করা ত্র"টিপূর্ণ প্রজ্ঞাপনও সংশোধনের দাবি করছে ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু, যুগ্ম সম্পাদক মোজাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা মনির প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/২২০০ ঘ.