চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নীতি বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শুক্রবার সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে 'হেফাজতে ইসলামী বাংলাদেশ' নামে একটি সংগঠন।
এ সময় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, পাঁচ সাংবাদিকসহ ১৯ জন আহত হয়েছেন। কর্মীরা ছিনিয়ে নিয়ে গেছেন পুলিশ সদস্যের ওয়াকিটকি।
জুমার নামাজ শেষে সংগঠনটির কয়েকশ' নেতাকর্মী নগরীর আন্দরকিল্লার মোড়ে শাহী জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
এ ছাড়া হাটহাজারী উপজেলার আমান বাজার, ফতেয়াবাদ সড়কে অবরোধ করে গাড়ি ভাঙচুর করে একই সংগঠনের কর্মীরা। অবরোধে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
কোরআন বিরোধী নারী নীতি ও শিক্ষা নীতি সংস্কার, ফতোয়া বিরোধী রায় বাতিল ও ৪ এপ্রিলের হরতালের সমর্থনে সংগঠনটি এ মিছিল-সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জেদান আল মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর আন্দরকিল্লার মোড়ে শাহী জামে মসজিদের সামনে সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছির বের করে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের মিছিল করতে দিয়েছিলাম। কিন্তু এক পর্যায়ে মিছিলের পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় আমরা লাঠিপেটা শুরু করি।"
তিনি জানান, এ সময় ১০ পুলিশ সদস্য আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ ছাড়া মিছিলকারীদের ইটের আঘাতে পাঁচ সাংবাদিকও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশের কারণে দুপুর পৌনে ২টা থেকে সিরাজদৌল্লা রোড, লালদীঘি রোড ও মমিন রোডে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
হেফাজতে ইসলামীর নেতা ইলিয়াস ওসমানের দাবি, পুলিশের লাঠিপেটায় তাদের চার কর্মী আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনটির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে একটি ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে গেছে। হামলার ঘটনায় এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
এদিকে, বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাটহাজারী উপজেলার আমান বাজার, ফতেয়াবাদসহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে একই সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করে।
হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫-১৬টি বাসে করে হাজার খানেক কর্মী বেলা সোয়া ১২টার দিকে আমান বাজার এলাকায় পৌঁছলে তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তারা তা না করে সড়ক অবরোধ করে। এ সময় উগ্র কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
বিকাল ৪টার দিকে হেফাজতে ইসলামী কর্মীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
'আন্দোলন দমানো যাবে না'
সন্ধ্যায় হেফাজতে ইসলামী বাংলাদেশ এক বিবৃতিতে চট্টগ্রামে তাদের সমাবেমে 'ন্যাক্কারজনক ও উস্কানীমূলক পুলিশি হামলার' নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এতে অভিযোগ করা হয়, বাধা দিয়ে পুলিশ সংঘর্ষের সূত্রপাত ঘটায়। পুলিশ শান্তিপূর্ণ 'তৌহিদী জনতার' উপর নির্বিচারে টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
'কোরআনের বিরুদ্ধে নীতিমালা প্রণয়ন করে, তৌহিদী জনতার উপর দমন নিপীড়ন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। সরকার তার ভুল থেকে ফেরত না এলে চরম পরিণতি বরণ করতে হবে' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী, নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা শামসুল আলম, আল্লমা মুহিব্বুল্লহ পীর সাহেব বাবুনগর, হেফাজত মহাসচিব আল্লামা আব্দুল মালেক হালিম, মাওলানা শাহ আব্দুল জাব্বার পীর সাহেব নাসিরাবাদ, মাওলানা লোকমান হাকিম, হাফেজ মুহাম্মদ তৈয়ব প্রমুখের নাম উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমইউএস/কেএমএস/জেকে/এএল/জেকে/২০৫৬ ঘ.
bdnews24