২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে আ.লীগ-বিএনপির একই স্থানে সভা, ১৪৪ ধারা

সোনারগাঁওয়ে একটি স্কুল পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে ও একই সময়ে সভা ডাকায় উপজেলা প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারায় জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

নারায়ণগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁওয়ে একটি স্কুল পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে ও একই সময়ে সভা ডাকায় উপজেলা প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারায় জারি করেছে। শুক্রবার বিকেলে সোনারগাঁও শম্ভপুরা ইউনিয়নের হোসেনপুর এসপি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা আহ্বান করা হয়েছে। সংঘাত এড়াতে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা প্রশাসন সভাস্থল ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস আলী ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে প্রবেশ করার জন্য কয়েক বছর ধরে মরিয়া হয়ে উঠেছে। তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে স্কুল থেকে বিতারিত করার চেষ্টা করছে। বিষয়টি জানতে পেরে আমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেল ৪ টায় স্কুল মাঠে সভা আহ্বান করেছি।" অন্যদিকে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সাথে আঁতাত করে স্কুলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ নিয়ে গত ২৫ মার্চ শম্ভুপুরা ও হোসেনপুর এলাকার সাধারণ জনগনের সাথে মতবিনিময় করি। এসময় বিএনপির ক্যাডাররা আমাদের উপর হামলা চালায়। এ হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেল ৪ টায় হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভা আহ্বান করা হয়েছে।" তিনি বলেন, "আমাদের মিটিং বানচাল করতে উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী ভূইয়া বিএনপির নেতা-কর্মীদের নিয়ে পাল্টা মিটিংয়ের ডাক দিয়েছে।" সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল জানান, শুক্রবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের ওই স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে সভা আহ্বান করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৬ ঘ.