২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হন্তারকের যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার জন্য রাজধানীর শাহ আলী এলাকার এক অটো রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার জন্য রাজধানীর শাহ আলী এলাকার এক অটো রিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিতের নাম মোহাম্মদ মাসুম। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো দুই বছর সাজা খাটতে হবে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। মাসুমের বাড়ি ঝালকাঠীর প্রতাপপুরে। তিনি ২০০৯ সালের ১২ জানুয়ারি রাতে শাহ আলী গুদারা ঘাটের শ্বশুরবাড়িতে স্ত্রী নারগিস আক্তারকে গলাটিপে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়। নারগিসের মা আমেলা বেগম পরদিন শাহ আলী থানায় মাসুমের বিরুদ্ধে মামলা করেন। মাসুম মাঝে-মধ্যেই টাকা-পয়সার জন্য স্ত্রীকে মারধর করতো বলেও সাক্ষ্য প্রমাণে উঠে আসে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালতের রায় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২০৪৫ ঘ.