২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন 'বিতর্কিত' বিষয় অন্তর্ভুক্ত হলে মেনে নেবে না বিএনপি

কোনো সমঝোতা ছাড়া সংবিধানে 'বিতর্কিত' কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হলে তা প্রত্যাখ্যান করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো সমঝোতা ছাড়া সংবিধানে 'বিতর্কিত' কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হলে তা প্রত্যাখ্যান করবে প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দলের এই অবস্থানের কথা জানান। সংবিধান সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ও আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যকে 'বিভ্রান্তিকর' বলে অভিহিত করেন সাবেক এই আইনমন্ত্রী। তিনি দাবি করেন , দেশের মৌলিক দলিল নিয়ে তারা [সরকার] বিভ্রান্তির সৃষ্টি করছে। এর পেছনে কোনো 'ষড়যন্ত্র' রয়েছে। বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 'গণতন্ত্রের সিংহ পুরুষ কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ' এর আয়োজক। আলোচনার শুরুতে কে এম ওবায়দুর রহমান ও দলের সদ্য প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন করা হয়। ১৯৮৬ সাল থেকে '৮৮ সাল পর্যন্ত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালের ২১ মার্চ তার মৃত্যু হয়। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশ বিশেষ প্রত্যাহারে সুপ্রিম কোর্টে সরকারের রিভিউ পিটিশন দায়েরের সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, "চতুর্থ সংশোধনী পুনর্বহাল করতে এই রিভিউ পিটিশন করেছে সরকারপক্ষ। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।" মওদুদ মনে করেন, পঞ্চম সংশোধনী নিয়ে রায়ে সুপ্রিম কোর্ট জিয়াউর রহমানের যেসব ভালো কাজ বাতিল করেনি- যেমন বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি বিষয় সংবিধান থেকে তুলে দিতেই সরকার এই রিভিউ পিটিশন করেছে। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে রায়ের অংশ বিশেষ প্রত্যাহারের আর্জি জানিয়ে গত ১৪ মার্চ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। সে সময় এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের ওই রায়ের পর্যবেক্ষণে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলা হয়েছে। "আমরা বলছি, রায়ের মূল অংশে যেহেতু ওই শাসন আমলকে পাস্ট অ্যান্ড ক্লোজ বলা হয়েছে। তাই বিশেষ কোন কাজও আলাদা করে মার্জনা করার কথা বলা প্রয়োজন নেই।" মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্চেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ অগাস্ট সিনেমা হলটির মালিকানা ফেরত দেয়ার নির্দেশ দেয় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়। সংগঠনের সভাপতি টি এম গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, আইন বিষয়ক সহসম্পাদক নিতাই রায় চৌধুরী, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, কে এম ওবায়দুর রহমানের মেয়ে শ্যামা ওবায়েদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সরওয়ার আজম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৬ ঘ.