পটুয়াখালী, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় হিজাজুল ইসলাম নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম ফারুক ইকবাল এ রায় দেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজ্জামান সাংবাদিকদের জানান, হিজাজুল আচরণবিধি লংঘন করে ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছিলো।
তিনি জানান, এসময় মো. রিপন, জাহিদুর রহমান এবং মাসুম বিল্লাহ নামে তিন পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ওই কেন্দ্র থেকে মো. ওয়ালিউল্লাহ ও বাচ্চু মিয়া নামে দুজনকে আটক করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তৃতীয় দিন সাত জেলার ১৪ উপজেলার ১২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৪৭ ঘ.
bdnews24