২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

রাজধানীর কাফরুল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে হাইটেক হাসপাতালে কাছে এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মোহাম্মদ রাশেদ (২৫)। রাত আড়াইটার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, রাশেদ মারা গেছেন। কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৪ এর একটি টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' নিহত হন রাশেদ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি হাতবোমা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয় বলে ওসি জানান। রাশেদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করলেও সুনির্দিষ্ট অভিযোগ জানতে চাইলে ওসি বলেন, "আমি এ মাসে এ থানায় যোগ দিয়েছি। তাই নথিপত্র না দেখে কিছু বলতে পারছি না।" একই রাতে পল্টনে বিজয় নগর পানির ট্যাঙ্কের কাছে র‌্যাব-৩ একটি টহল দলের সঙ্গে ছিনতাইকারীর 'বন্দুকযুদ্ধে' দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, রুবেল (১৮) ও সোহেল (২০)। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার মোহাম্মদ আনসারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল ও সোহেলসহ কয়েকজন ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় র‌্যাবের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। রুবেল ও সোহেলের কাছে একটি ছুরি ও একটি খেলনা পিস্তল পাওয়া গেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১১১ ঘ.