২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২৫ ইউনিয়নে ভোট চলছে

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তৃতীয় দিনে সাত জেলার ১৪ উপজেলার ১২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 04:25 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তৃতীয় দিনে সাত জেলার ১৪ উপজেলার ১২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এসব ইউপিতে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। গত মঙ্গলবার ১৮৭টিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়। দ্বিতীয় দিন বুধবার ভোট হয় ২৪টি ইউনিয়নে। প্রথম ও দ্বিতীয় দিনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার যে সব এলাকায় ভোট বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা; পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, দুমকী উপজেলা; পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, বেতাগী উপজেলা; ভোলা জেলার বোরহানউদ্দিন, লালমোহন উপজেলা; সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ উপজেলা; বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লারহাট উপজেলার ইউনিয়নগুলোতে বৃহস্পতিবার ভোট হচ্ছে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সবক'টি ইউপি'র নির্বাচন বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে স্থগিত করা হয়। প্রচারণা ও যানবাহনে নিষেধাজ্ঞা ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কমিশন। ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে। ইসি কর্মকর্তা জানান, ভোটের আগের দিন মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। পরদিন রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে। ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলও নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের এক দিন আগে ও পরে মিলিয়ে মোট তিন দিন নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০২০ ঘ.