ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দিন বৃহস্পতিবার ১২৫ ইউপিতে ভোট হবে।
প্রথম দফায় তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার এসব ইউনিয়নে সকাল ৮টায় ভোট শুরু হয়ে এক টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।
বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউপি এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোট হয়।
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
তিনি সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন।
দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পাঁচদিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়। প্রথম দফার এ নির্বাচন চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার যেসব এলাকায় ভোট
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী ) আব্দুল বাতেন জানান, বৃহস্পতিবার বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা; পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, দুমকী উপজেলা; পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, বেতাগী উপজেলা; ভোলা জেলার বোরহানউদ্দিন, লালমোহন উপজেলা; সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ উপজেলা; বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লারহাট উপজেলায় ভোট হবে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সবকটি ইউনিয়নে বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়েছে।
প্রচার ও যানবাহনে নিষেধাজ্ঞা
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কমিশন।
ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন এবং রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে।
ভোটের আগের দিন মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ। পরদিন রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
ভোটের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের এক দিন আগে ও পরে মিলিয়ে মোট তিন দিন নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র্যাব ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবে। এ সময় নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩২৭ ঘ.
bdnews24