ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটি আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি মনোয়ার আহমেদ।
বুধবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের সঙ্গে কমিটির বৈঠকের পর মনোয়ার আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা গ্রামীণ ব্যাংকের বিষয়টি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছি।
"ক্ষুদ্র ঋণের অন্যতম পথিকৃত হিসেবে তাকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্রামীণ ব্যাংককে কীভাবে আরো গতিশীল ও কার্যকর করা যায় সে বিষয়ে আমাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন তিনি।"
বুধবার বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংক ভবনে কমিটির এই বৈঠকে অংশ নেন ড. ইউনূস।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও অর্থনীতিবিদ এমএম আকশের সঙ্গেও আলোচনা হয়েছে বলে কমিটির সভাপতি জানান।
গত বছরের নভেম্বরের শেষ দিকে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে ড. ইউনূসের বিরুদ্ধে।
সে সময় বিষয়টি নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।
এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মনোওয়ার আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের ওই পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি ১৩ জানুয়ারি থেকে কাজ শুরু করে। সে সময় কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিলো।
বুধবার বৈঠক শেষে মনোয়ার আহমেদ বলেন, "আমরা প্রতিবেদন তৈরির জন্য কাজ করে যাচ্ছি। এর অংশ হিসাবে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবো।"
একটি ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক প্রথম পর্যায় পার করে দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে কমিটির সভাপতি বলেন, "আমাদের দায়িত্ব সুপারিশ প্রণয়ন করা। গ্রহণ করা বা না করা সরকারের বিষয়।"
কমিটির অপর সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকিয়া দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক অধ্যাপক আরএম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ।
অনুমোদন না নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। ওই রায়ের বিরুদ্ধে গত ৯ মার্চ আপিলের আবেদন করেন ইউনূস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১৫৩ ঘ.
bdnews24