ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দু'দিনব্যাপী ভোটগ্রহণ বুধবার শুরু হচ্ছে।
নির্বাচন উপ-কমিটির সদস্য আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে মধ্যহ্ন বিরতি।
নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, "দুই দিন ভোট হওয়ার পর বৃহস্পতিবার রাত ১টার দিকে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি আমরা।"
এদিকে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনের এ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দলসহ জাতীয় রাজনীতিতে সক্রিয় আইনজীবী নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ধারণা করা হচ্ছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মধ্যে।
জয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের আইনজীবী নেতাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন। নিজ নিজ দলের কোন্দল মিটিয়ে ফেলারও চেষ্টা করেছেন নেতারা।
সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থী হয়েছেন। মোট ভোটার ২ হাজার ৩১০ জন।
গত ১ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভপতি ও সম্পাদক পদে তিনজন করে প্রার্থী থাকলেও সরকার ও বিরোধী দল সমর্থক দুই প্যানেলের মধ্যেই মূল প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আব্দুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এসএম আবুল হোসেন প্রার্থী হয়েছেন।
এছাড়া একেএম জগলুল হায়দার সহ-সভাপতি পদে, কেএম সাইফুদ্দিন আহমেদ সহ-সভাপতি, জেসমিন সুলতানা কোষাধ্যক্ষ, এসএম মাসুদ হোসাইন দোলন সহ-সম্পাদক, এসএম জহুরুল ইসলাম সহ-সম্পাদক এবং জেসমিন আক্তার কেয়া, মো. আব্দুস সাত্তার সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন রেজা, মো. বাহার উদ্দিন আল-রাজী, সঞ্চিতা সাহা, শোভানা বানু ও স্বপন কুমার দত্ত সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন এ প্যানেল থেকে।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মো. বদরুদ্দোজা বাদল প্রার্থী হয়েছেন।
এছাড়া ফাহিমা নাসরিন মুন্নী কোষাধ্যক্ষ, এএইচএম কামরুজ্জামান মামুন সহ-সম্পাদক, গোলাম নূর তরুণ সহ-সম্পাদক এবং এএমএম মোক্তার কবির খান, মারজিনা রায়হান মদিনা, বেগম দেলোয়ারা হাবিব, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শওকত আরা বেগম দুলালী, মো. আছরারুল হক, মো. শহিদুল ইসলাম সদস্য পদের জন্য লড়বেন।
ইন্ডিপেনডেন্ট লইয়ার্স ফোরাম থেকে পাঁচজন এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ প্যানেল থেকে মো. শাহজাহান সম্পাদক পদে, মো. তারেক এম চৌধুরী সহ-সভাপতি পদে, সৈয়দ মতিউল ইসলাম সহ-সভাপতি, মো. আবুল কালাম আজাদ সহ-সম্পাদক এবং মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া সদস্য পদের জন্য লড়বেন।
বিএনপি থেকে বহিষ্কারের কারণে ব্যরিস্টার নাজমুল হুদা শুরুতে এই প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিলেও বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে সভাপতি পদে জাকির হোসেন এবং সহ-সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সমিতির বিগত নির্বচনে বিএনপি-জামায়াত সমর্থক প্যানেল সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে এবং আওয়ামী লীগ সমর্থক প্যানেল একজন সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ৭টি পদে বিজয়ী হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/জেকে/০০৩৮ ঘ.
bdnews24