চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে অপহৃত স্কুল শিক্ষার্থী দুই ভাই-বোনকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এরা হলো- সখিনা বেগম (৫৫) ও ঝর্ণা বেগম (৪৫)।
মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় অপহরণের পর সকাল ন'টায় হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে দুই ভাই-বোন সুরাইয়া আক্তার (৮) ও যুবায়ের গাজীকে (৬) উদ্ধার করে র্যাব-৭ এর একটি দল।
উদ্ধার হওয়া দুই ভাই-বোন পটুয়াখালীর কলাপাগা থানার জাকির গাজীর সন্তান। তারা কলসির দীঘি পাড় এলাকার বাসিন্দা।
র্যাব- ৭ এর স্টাফ অফিসার এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে বন্দর থানাধীন কলসির দীঘির পাড় এলাকার আইডিয়াল কেজি স্কুলে যাওয়ার পথে ওই দুই শিশুর মুখ বেঁধে তাদের অপহরণ করা হয়।
এ ঘটনার পর সকাল ৭টায় সুরাইয়া ও যুবায়েরের মা রেশমা বেগম স্কুলে খবর নিয়ে জানতে পারেন তারা স্কুলে পৌঁছে নি। তিনি এ ঘটনা র্যাবকে জানালে অভিযান শুরু হয় বলে জানান এলিট ফোর্সের এ কর্মকর্তা।
সকাল নয়টায় বড়পোল মোড়ে এলাকাবাসীর সহায়তায় অপহরণকারী সখিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কলসির দীঘি পাড় থেকে ঝর্ণা বেগমকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২৩০০ঘ.
bdnews24