গোপালগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে গোপালগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার সকালে মাহমুদুর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক দীলিপ কুমার ভৌমিক জামিন মঞ্জুর করেন।
এ মামলায় সোমবার মাহমুদুরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পরোয়ানার অপর দুজন হলেন দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি এইচএম মেহেদী হাসানাত ও পাক্ষিক মাতৃমুক্তির ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন শেখ।
গত বছরের ২৫ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় 'কোটালীপাড়ায় যুদ্ধাপরাধীদের তালিকায় আওয়ামীলীগের শীর্ষ নেতা ও তাদের স্বজনরা' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
একই বছরের ১২ মে গোপালগঞ্জের আইনজীবী দেলোয়ার হোসেন সরদার এই মানহানির মামলাটি করেন।
সাত মাস সাজা খাটার পর গত ১৭ মার্চ মুক্তি পান মাহমুদুর।
গত বছর ১৯ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত আবমাননার জন্য মাহমুদুরকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
২ জুন তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করা হয়। গ্রেপ্তারের পর মানহানিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ৪৯টি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৩ ঘ.
bdnews24