কক্সবাজার, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে থানার ওসিসহ আট পুলিশ আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ চারটি অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে।
রোববার গভীর রাতে চকরিয়া থানার অদূরে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী ব্রিজ মোড়ে আধঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে অন্তত ২০ রাউন্ড গোলাগুলি হয়।
ওই সময় তারা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ, উপ-পরিদর্শক মো. সাহেদ উদ্দিন, বখতিয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন ও আবদুল আলীম, সহকারী উপ-পরিদর্শক আবদুর রহমান পাটোয়ারী ও মোহাম্মদ অহিদ এবং কনস্টেবল তারেক।
তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ ফরহাদ সাংবাদিকদের বলেন, সশস্ত্র ডাকাতরা ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
আধঘণ্টা পর পুলিশ সাত ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা হয়েছে- চকরিয়ার ডুমখালী গ্রামের আমির হোসেন (৩০), হেলাল উদ্দিন (২৫), বদরখালীর মোরশেদ আলম (২৪), পূর্ব নতুন ঘোনার মোহাম্মদ আনছার (২৪), আনোয়ার হোসেন (৩৮), গুদামপাড়ার মোহাম্মদ বাদশা (২২) ও সাতডালিয়া পাড়ার মো. ইউনুস ওরফে সৈনিক (২৫)।
তাদের কাছ থেকে দেশে তৈরি দু'টি লম্বা বন্দুক, একটি এলজি ও একটি পাইপগান, ১২ রাউন্ড তাজা কার্তুজ, একটি লম্বা কিরিচ, দু'টি ছোরা ও দু'টি ক্ষুর উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃতরা গত একমাস ধরে চকরিয়ার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ নানা অপরাধের একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় ডাকাতি প্রস্তুতি, অস্ত্র আইন ও পুলিশের উপর হামলার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24