শেরপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা শহরে এক জঙ্গিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে শহরের সজবরখিলা ও গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামী সংগঠন তাব্বাতুল আর্থের প্রধান শফিউল্লাহ হীরা ও অন্যজন শেরপুর জেলা জামায়াতের সাবেক নেতা ও জঙ্গি সংগঠন মিল্লাতে কুরআনের প্রধান ডা. মো. আব্দুল মোমেন।
পুলিশ তাদের কাছ থেকে ২২টি লিফলেট, ৪টি ব্যানার ও ১৬টি পোস্টার উদ্ধার করেছে।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলামী সংগঠনের অন্তরালে ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রদান এবং জঙ্গি তৎপরতার অভিযোগে এই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "সরকারের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালানোর কাজে নিয়োজিত ছিলেন আব্দুল মোমেন। ইতিপূর্বে তিনি জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত ছিলেন।"
"তার তত্ত্বাবধানে সজবরখিলার একটি মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে তথ্য পাওয়া গেছে।"
আনিসুর রহমান বলেন, "অন্যদিকে শহীদুল্লাহ হীরা শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে মুসলমানদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরিবর্তে জোহর ও আছর বাদ দিয়ে তিন ওয়াক্ত নামাজ আদায়ের কথা প্রচার করছেন। সেই সঙ্গে তিনি ২০৮৩ সালের ২ মে কেয়ামত হবে বলে প্রচার চালিয়ে নিজেকে নবী হিসেবে দাবী করছেন।"
তিনি জানান, ইতোমধ্যে তার সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে ওলামা ও মুসল্লিদের বাহাসের সময় নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) একে আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার হওয়া দু'জনের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৫৫ ঘ.
bdnews24